পটুয়াখালীর কুয়াকাটায় ভাড়াবাসা থেকে আরিফা আক্তার নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী রিফাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কুয়াকাটা পৌর এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফা আক্তার (১৭) একই এলাকার বাসিন্দা রিফাতের স্ত্রী ও বরিশালের গৌরনদী এলাকার আ.খালেক হাওলাদারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা বেল্লাল জানান, চার মাস আগে কুয়াকাটা এলাকায় ভাড়া বাসায় উঠেন এই দম্পতি। রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই কলহ লেগেই থাকতো। সোমবার রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ দিলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, প্রাথমিকভাবে গৃহবধূকে মৃত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য পটুয়াখালী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে আসছে। সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
