জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেছেন, রাষ্ট্রযন্ত্র থেকে কনভেনশনাল রাজনৈতিক দলগুলো তাদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছে।
সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ তোলেন এনসিপি মনোনীত এই প্রার্থী। তিনি শরীফ ওসমান হাদি থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী ও তাহরিমা সুরভীর ঘটনার উদাহরণ টেনে বলেন, রাষ্ট্রযন্ত্র জুলাইয়ে যারা অংশ নিয়েছে তাদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ওসমান হাদির হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির কাজে অগ্রগতি বোঝা যায় না। হাদির পর কিছু ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি নির্বাচন কমিশনের আচরণকেও উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত। কিন্তু কমিশন ব্যক্তিবিশেষে আচরণ ভিন্ন করছে।
তিনি আরও বলেন, সাংবাদিক ইলিয়াসের আইডি সরকার সরিয়ে দিয়েছে। গত দেড় বছরে আওয়ামী লীগ সম্পৃক্ত আইডিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার চায়নি, তাই নেওয়া হয়নি। দেশের ব্যবসায়িকদের আচরণ, মিডিয়া, প্রশাসনের আচরণ-মিডিয়াকে হাসিনার সেবাদাস হতে দেখা গেছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই গণতান্ত্রিক পথ উন্মোচিত হওয়ার যে রাস্তা উন্মুক্ত হয়েছে, সেটি প্রসারিত হোক। আমরা সংস্কারের পক্ষে, ভারতবিরোধীতার পক্ষে।
তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি ভাগ হয়েছে। যারা সংস্কারের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে তাদের সমর্থন দিন। সংস্কার বাস্তবায়নের পক্ষে যারা অবস্থান নেবে, আপনারা তাদের পক্ষ নেন।
