জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেও শিক্ষার্থীরা উৎসাহের সাথে ভোট দিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল, ছাত্রশিবির, বামদল ও জাতীয় ছাত্রশক্তি সমর্থিত চার প্যানেল।
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলা এ ভোটগ্রহণে শিক্ষার্থীরা আগামী এক বছরের নেতৃত্ব বেছে নেবেন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভোটকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেক শিক্ষার্থী জানান, যারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, তারাই তাদের পছন্দের নেতৃত্ব।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে উভয় পক্ষই অভিযোগ তুলেছেন। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম দাবি করেন, ছাত্রদল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, ভোটার টোকেন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।
প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক মোস্তফা হাসান এ অবস্থায় কাউকে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই সুষ্ঠু সুন্দর পরিবেশে কেউ বানচাল করতে চাইলে তার বিপদ হবে।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৩টা পর্যন্ত। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৩৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জকসু নির্বাচনে ২১টি পদের জন্য লড়াই করছেন ১৫৮ জন। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ সন্ধ্যায় ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
