মিনিটে তিন শতাধিক ফলোয়ার হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফেসবুক পেজে কিছুদিন ধরে পোস্টগুলোর প্রতি ব্যবহারকারীদের অসন্তোষ তীব্র হচ্ছে। ‘অ্যাংরি’ ও ‘হাহা’ রিঅ্যাকশনের পাশাপাশি নেতিবাচক মন্তব্যের সংখ্যা ব্যাপক বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে কমছে পেজের ফলোয়ার সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজ প্রায় ১০ লাখ ফলোয়ার হারিয়েছে।

এই অবস্থার সূত্রপাত হয় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার পর। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি ফাস্ট বোলারকে ছাড়ার সিদ্ধান্তের পর থেকে কলকাতার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮০ লাখ থেকে নেমে ১ কোটি ৭০ লাখে দাঁড়িয়েছে। হিসাব বলছে, প্রতিদিন গড়ে ৫ লাখ ফলোয়ার কমছে, যা প্রতি মিনিটে ৩৪৭ এবং প্রতি সেকেন্ডে হারাচ্ছে প্রায় ৫ ফলোয়ার।

মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে করা পোস্টে ২ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন জমা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজারই ‘অ্যাংরি’ ও ৪০ হাজার ‘হাহা’ রিঅ্যাকশন। মন্তব্য হয়েছে ৬০ হাজারের বেশি, যার সিংহভাগই বিসিসিআই, আইপিএল এবং ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করছে।

মুস্তাফিজের বিষয়ে পোস্টের পর কলকাতার পেজে আরও ৯টি পোস্ট আপলোড করা হয়েছে। সেখানে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজ, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ও অস্ট্রেলিয়ার পেসার ক্যামেরন গ্রিন সংক্রান্ত খবর থাকলেও তাতেও অ্যাংরি-হাহা রিঅ্যাকশন ও সমালোচনামূলক মন্তব্য দেখা গেছে।

মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত পাঁচটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন-সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। আইপিএলে তার ৬০ ম্যাচে ৬৫ উইকেটের সাফল্য রয়েছে, ইকোনমি রেট ৮.১৩। ২০২৪ সালে চেন্নাই সুপার কিংস সোশ্যাল মিডিয়ায় তার বিষয়ে কয়েকটি পোস্ট করলেও এবার রাজনৈতিক প্রেক্ষাপটে মুস্তাফিজ আইপিএলে অংশ নিতে পারছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত