ময়মনসিংহে টিকিট কেলেঙ্কারিতে রেলকর্মী গ্রেপ্তার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

ময়মনসিংহে আগাম টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগে রেলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা থেকে মানিক মিয়াকে (৩১) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি নেত্রকোনা-মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে প্রায় ১০ বছর ধরে কাজ করছেন। 

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিক মিয়ার কাছ থেকে ১৬টি আসনের চারটি টিকিট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, অনলাইনে আগাম টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করতেন এবং ব্যক্তিগত তথ্য ব্যবহার করতেন।

রেলওয়ে থানার উপপরিদর্শক পলাশ ব্যানার্জি বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি নথিভুক্ত করেছেন। মানিক মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত