মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

মাগুরায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে আকিদুল ইসলাম খুদে (৫৫) নামে একজন নিহত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোর রাতে সদরের হাজরাপুর  ইউনিয়নের উথলি নামক স্থানে এ ঘটনা ঘটে। আকিদুল ওই এলাকার কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। সে পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী বলে জানিয়েছে নিহতের স্বজনরা। 

নিহত আকিদুল ইসলাম খুদের স্ত্রী হাফিজা বেগম জানান, আকিদুল কাঁচামাল নিয়ে ঢাকায় গিয়েছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে মধ্যরাতে ইছাখাদা বাজারে বাস থেকে নামে বাড়ির উদ্দেশ্যে উথলি গ্রামে আসলে তাকে গরু চোর সন্দেহে ধরে নিয়ে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। ভোর ৬টায় পরিবারের লোকদের খবর দিলে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিকল্পিতভাবে আমার স্বামীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ভোর ৬টায় খবর পেয়ে পুলিশ হাজিপুর বাজার থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা যেটুকু জানতে পেরেছি, এলাকায় তার নামে গরু চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। এ ব্যাপারে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার সময় সেখান থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। 

পাশের আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রামের একজন এসে জানান, রাতে তার একটি গরু চুরি হয়েছে। পরে তিনি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে গরুটি নিয়ে যান। এ বিষয়ে এখনো পর্যন্ত অভিযোগ নিয়ে কেউ আসেনি। আসলে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে।              

×
সর্বশেষ সর্বাধিক পঠিত