অনলাইনে বাধ্যতামূলক ভ্যাট রিটার্ন করার সিদ্ধান্ত: এনবিআর চেয়ারম্যান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

আগামী বছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ব্যবসায়ীদের সময় ও খরচ কমার পাশাপাশি রিটার্ন প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে মোট ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ভ্যাট রিফান্ড অনলাইনে স্থানান্তর করা হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, এতদিন ভ্যাট রিফান্ড পেতে ব্যবসায়ীদের দীর্ঘদিন কর কার্যালয়ে ঘুরতে হতো। এতে সময়ক্ষেপণের পাশাপাশি অনৈতিক লেনদেনের অভিযোগও উঠে আসত। নতুন ই-ভ্যাট রিফান্ড ব্যবস্থায় এসব জটিলতা দূর হবে।

নতুন প্রক্রিয়ায় অনলাইনে রিটার্ন জমার সময়ই প্রয়োজনীয় কাগজপত্র ডিজিটালি আপলোড করা যাবে। রিটার্ন যাচাইয়ের ক্ষেত্রে নির্ধারিত ২৪টি সূচক অনুসরণ করা হবে। সব যাচাই শেষে ভ্যাট কমিশনারের অনুমোদন মিললে সর্বোচ্চ ১০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে রিফান্ডের অর্থ পাঠানো হবে।

এনবিআর চেয়ারম্যান আরও জানান, ভবিষ্যতে আয়কর ও কাস্টমস রিটার্নও ধাপে ধাপে অনলাইনভিত্তিক করার পরিকল্পনা রয়েছে, যা সামগ্রিকভাবে কর ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত