নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইনে আবেদন: ইসি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় নতুন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, আগে প্রতিটি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সরাসরি নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর সেখান থেকেই কার্ড ও স্টিকার সংগ্রহ করা হতো, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল ছিল।

নতুন ব্যবস্থায় সেই জটিলতা কমাতে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান তিনি। এ উদ্দেশ্যে একটি আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আবেদন যাচাই ও অনুমোদনের পর দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন।

ইসি জানিয়েছে, আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে অফিসিয়াল প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশনের আশা, এই অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে এবং নির্বাচনকালীন প্রশাসনিক চাপও কমবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত