পটুয়াখালীর মহিপুর প্রেস ক্লাবের সভাপতি, এটিএন বাংলা ও দৈনিক দেশ রূপান্তর এর পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন আর নেই।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সহকর্মীরা জানান, সাংবাদিক জাহিদ রিপন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ছিলেন আপসহীন। তার পেশাদারিত্ব, সততা ও সাহসী ভূমিকা সাংবাদিক সমাজে বিশেষভাবে সমাদৃত ছিল। নবীন সাংবাদিকদের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে কলাপাড়ায় নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাহিদ রিপনের মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও সামাজিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
