প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন চেষ্টাকালে ইলেকট্রনিক ডিভাইসসহ ৪৮ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধায়।
শুক্রবার দুপুরে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী তিন উপজেলার ৪৩টি কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালীন হাতেনাতে তাদের আটক করা হয়। পরে আইনি ব্যবস্থা নিতে পরীক্ষার্থীদের নিজ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
কেন্দ্র সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এ কারণে প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ছিল।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার বলেন, ‘পরীক্ষার শুরু থেকেই আমরা নকল প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিলাম। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত ৪৮ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে বলা হয়েছে।
গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হেদায়েতুল ইসলাম বলেন, ‘প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। প্রাথমিক শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন।
উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
