ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশে প্রবেশ করলেই এখন চোখে পড়ে ভিন্ন এক নান্দনিক দৃশ্য। যাত্রী ও চালকদের নজর কাড়ছে দরিরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নবনির্মিত ও সুসজ্জিত ফুট ওভারব্রিজ। ব্রিজটির উপরিভাগে বড় অক্ষরে লেখা ‘আমাদের ত্রিশাল’— যা ইতোমধ্যে এই জনপদের নতুন পরিচয় ও গৌরবের প্রতীকে পরিণত হয়েছে।
একসময় যে ফুট ওভারব্রিজটি ছিল পোস্টার, ব্যানার ও ময়লা-আবর্জনার দখলে, আজ সেটিই ত্রিশালের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক। বর্তমান উপজেলা প্রশাসনের উদ্যোগে আমূল বদলে গেছে এর চিত্র। জীর্ণ দশা কাটিয়ে এই ওভারব্রিজ এখন কেবল পথচারীদের চলাচলের মাধ্যম নয়, বরং সৌন্দর্যপিপাসু মানুষের কাছে একটি আকর্ষণীয় স্থাপনায় রূপ নিয়েছে। সাদা ও উজ্জ্বল রঙে সজ্জিত ব্রিজের গায়ে লেখা ‘আমাদের ত্রিশাল’ যেন প্রতিটি নাগরিকের আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।
ত্রিশাল কেবল একটি উপজেলা নয়, এটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার মানুষসহ দূরপাল্লার বাস ও ব্যক্তিগত যানবাহনের যাত্রীরা এই পথ দিয়েই চলাচল করেন। ত্রিশাল অতিক্রম করার সময় এই দৃষ্টিনন্দন ফুট ওভারব্রিজটি যেন আগতদের স্বাগত জানায়।
স্থানীয় বাসিন্দা মিনহাজ বলেন, ‘আমাদের ত্রিশাল’ লেখাটি দেখলে নিজেদের মধ্যে এক ধরনের মমত্ববোধ কাজ করে। বাইরের জেলা থেকে আসা মানুষদের কাছেও এটি একটি পরিচ্ছন্ন ও ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।’
এ সৌন্দর্যবর্ধনের নেপথ্যে রয়েছে উপজেলা প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এ বিষয়ে তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, ‘কাজটা হয়তো ছোট, কিন্তু স্বপ্নটা ছিল অনেক বড়। ত্রিশালে যোগদানের পরপরই এই অবহেলিত ফুট ওভারব্রিজটি আমার নজরে আসে। তখন এটি আবর্জনা, পোস্টার ও অবৈধ দখলে ভরা ছিল। প্রথমে উচ্ছেদ অভিযান ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করি। এরপর নেওয়া হয় সৌন্দর্যবর্ধনের উদ্যোগ। এখন এই সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার।’
নান্দনিক এই ফুট ওভারব্রিজ এখন ত্রিশালের গর্ব ও পরিচয়ের অংশ হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।
