ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মো. হারিছ মিয়া (৪৩) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে তার আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, শনিবার সকাল ৬ টার দিকে হারিছ মিয়ার মরদেহ পুকুরে ভাসতে দেখেন তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে পুকুর থেকে মরদেহ উঠিয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, শনিবার সকালে এলাকার লোকজনের মাধ্যমে অজ্ঞাত পরিচয়ে হারিছ মিয়ার লাশের সংবাদ পায় তারা। পরে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। পিবিআইবি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
নিহতের পরিবার বরাত দিয়ে ওসি আরও জানান, হারিছ মানসিক ভারসাম্যহীন ছিল। গতকাল শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফিরেনি। গত শুক্রবার রাতে অনেক খোঁজাখুঁজি করলেও পরিবার হারিছ মিয়ার সন্ধান পায়নি। মরদেহের খবর পেয়ে পরিবার আমাদের সাথে যোগাযোগ করেছে। পরিবারের লোকজন থানায় আসলে তাদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
