মদিনায় প্রবাসী অধিকার ও কল্যাণে ‘বাংলাদেশ কমিউনিটি মদিনা’র অভিষেক

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

করোনা মহামারির সময় থেকে পবিত্র মদিনা মুনাওয়ারায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নানা সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে একটি সংগঠন। প্রবাসীদের সমস্যা সমাধান, প্রয়াতদের মরদেহ দেশে পাঠানো, স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা এবং অবৈধ প্রবাসীদের কর্মসংস্থানের উদ্যোগ—এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলমত নির্বিশেষে প্রবাসী সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছে তারা। 

দীর্ঘ এই পথচলার ধারাবাহিকতায় শনিবার (১১ জানুয়ারি) মদিনার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কমিউনিটি মদিনার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমস্যা ও কল্যাণে সংগঠিতভাবে কাজ করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সভায় প্রবাসী সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আনিসুর রহমান পলাশের সঞ্চালনায় আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আলহাজ্ব মো. মুমিন, সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, ইনভেস্টর হাফিজ আহমেদ খান, ইনভেস্টর সবুজ আহমেদ ও সোহরাব হোসেন। বক্তব্য দেন ইনভেস্টর মামুনুর রশিদ, ইনভেস্টর ইশতিয়াক আহমেদ দুলাল, সাংবাদিক সাজিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ কনসুলেট জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা নবনির্বাচিত বাংলাদেশ কমিউনিটি মদিনার কার্যকরী কমিটি প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে যেসব প্রবাসী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং ব্যালট পেপার পেয়েছেন, তাদের সঠিকভাবে ভোট প্রদানে সহায়তা করা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ও না ভোটের মাধ্যমে মতামত প্রকাশের যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে অতীত অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কমিউনিটি মদিনা ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, বাংলাদেশ কমিউনিটি মদিনা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছে। ভবিষ্যতে প্রবাসীদের অধিকার রক্ষা ও সমস্যা সমাধানে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ কমিউনিটি মদিনার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন। এতে সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর ফারুক মাহবুব, সাধারণ সম্পাদক হন সাংবাদিক আনিসুর রহমান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আশরাফুল ইসলাম রবিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত