কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ত্রয়োদশ সংসদে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসন থেকে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ রায় দেন।
রায় ঘোষণার সময় দুলু আদালতে হাজির ছিলেন। ২০০৮ সালের ৩ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ, দুলুর বিরুদ্ধে এ মামলাটি করেন। মামলায় বলা হয়, ১৯৮৩ সাল থেকে ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছে, এ ছাড়া প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন দুলু। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দুলু উচ্চ আদালতে যান। দীর্ঘদিন মামলাটি উচ্চ আদালত স্থগিত ছিল। পরে উচ্চ আদালত দুলুর বিপক্ষে সিদ্ধান্ত দেয়। ২০২৩ সালের ৯ এপ্রিল আদালত দুলুর বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিচার চলাকালে আদালত চারজনের সাক্ষ্য গ্রহণ করে এ রায় দেয়।
