সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে চুক্তি করছে বাংলাদেশ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি-টু-জি) ভিত্তিতে এই চুক্তি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে। গত ৬ জানুয়ারি মন্ত্রণালয় প্রকল্পটির অনুমোদন দেয়।

এরপর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে।

৬০৮ কোটি ৮ লাখ টাকার এই প্রকল্পের অধিকাংশ অর্থ অর্থাৎ ৫৭০ কোটি ৬০ লাখ টাকা, প্রযুক্তি আমদানি ও ড্রোন কারখানা স্থাপনে ব্যয় হবে। বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা এলসি খোলার চার্জ, ভ্যাট ও সুইফট চার্জ বাবদ খরচ করা হবে।

প্রস্তাব অনুযায়ী, চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত