নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চক্রের মূল হোতা রাসেল ফকির (৩০), তার সহযোগী বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা এবং সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা রূপগঞ্জ থানায় দায়ের করা ডাকাতি ও সশস্ত্র সহিংসতা সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘ডাকাতি, অপহরণ ও মাদক মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
