আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জিতাবেন: রুমিন ফারহানা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এমপিদের দুর্নীতি ও বরাদ্দ আত্মসাতের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘এমপি সাহেবরা সরকারি বরাদ্দের ৫০% নিজেরা রাখে, তাদের সহযোগীরা ২৫% নেয়, ঠিকাদাররা ২০% পকেটে দেয় এবং মাত্র ৫% টাকা কাজে লাগে।’

আজ সোমবার বিকালে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা সরাসরি বলেন, আমাদের কথা মানবে না এমন কোনো সরকার নাই। যদি না মানে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেবার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তিনি পানিশ্বর এলাকার ভৌগোলিক-রাজনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, পানিশ্বরের জোয়ার সরাইল-আশুগঞ্জে ছড়ায়। পানিশ্বরের জনগণ প্রার্থীকে ভোট দিয়ে জিতালেই এমপি হয়। আমি এখানে সফল হব। আমার বাবাকে যেমন জিতিয়েছেন, আমাকেও জিতাবেন।

এমপিদের অর্থনৈতিক অসততার বিশদ বিবরণে রুমিন ফারহানা বলেন, এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি, কাজে অসুবিধা হয় না। সরকারি ও স্বতন্ত্র এমপির বরাদ্দ সমান। সমস্যা হলো এমপিরা ৫০% রাখে, তাদের সহযোগীরা ২৫% নেয়, ঠিকাদাররা ২০% পকেটে দেয়, কাজ হয় মাত্র ৫% টাকায়। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার। 

তিনি এলাকার প্রবাসী সম্প্রদায়ের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চাকা চালায়। তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা এমপিদের দায়িত্ব।

রুমিন ফারহানা আর বলেন, আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেয়ার জন্য। নির্বাচন যে করতেসি বিদেশের আত্মীয় স্বজনরা উল্টো আমাকে সামান্য সহযোগিতা করতেসে। তারা এদেশে আসবেনা জয়ী হওয়ার পর ফল নেওয়ার। সেই ফল কিন্তু আমার এলাকার জনগণ পাবে। 

তিনি বলেন,  ইনশাআল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জেনে যাবেন। হাঁস মার্কাই আমার লক্ষ্য। আমরা চেষ্টা থাকবে হাঁস মার্কাতেই নির্বাচন করব।

প্রসঙ্গত, রুমিন ফারহানা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। তার বিরুদ্ধে একই আসনে বিএনপি জোটের প্রার্থী হচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত