প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে নারায়ণগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার সম্পন্ন হয়েছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে ক্লাবের ৩১ জন সদস্যসহ জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি এবং পিআইবি’র সহকারী সম্পাদক ও সমন্বয়ক শাহেলা আক্তার প্রমুখ।
জেলা প্রশাসক রায়হান কবির বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সহজভাবে বোঝানোর দায়িত্ব সাংবাদিকদের। সিস্টেমের ত্রুটি ও ভালো দিকগুলো তুলে ধরে সাংবাদিকরা প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রশাসন, পুলিশ এবং সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতিকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। তিনি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন।
রফিউর রাব্বী বলেন, এবারের নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং সমাজ বিনির্মাণে সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ গত ১৬ বছরের সাংবাদিকতার চ্যালেঞ্জ ও বঞ্চনার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ সময় পর এখন সাংবাদিকতার সুবর্ণ সময় চলছে। আসুন, আমরা কোনও ব্যক্তিগত মতামত না চাপিয়ে ঘটে যাওয়া ঘটনাটি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরি। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে অন্তত আগামী দুই মাস আমাদের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি গণভোটে ইতিবাচক অংশগ্রহণের মাধ্যমে নতুন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দেন।
১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নির্বাচন কমিশনের কার্যাবলী, নির্বাচনী আইন (আরপিও) ও আচরণ বিধিমালা ২০২৫, জুলাই অভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং অপতথ্য ও গুজব প্রতিরোধের (ফ্যাক্টচেকিং) কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাসেল আহমেদ।
