পঞ্চগড়ে শহীদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল সোমবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
সংগঠনটি বলছে, রাষ্ট্রীয় বাহিনীর এমন আচরণ আইনের শাসন ও নাগরিক অধিকার-চর্চার পথকে সংকীর্ণ করতে পারে। খুনিদের গ্রেপ্তারের দাবিতে নাগরিক অবস্থানে হামলাকারীদের অতিদ্রুত যথাযথ আইনের আওতায় এনে ঘটনার ব্যাখ্যা তলবপূর্বক জনতার সামনে বিষয়টি স্পষ্ট করতে হবে।
বিবৃতিতে সংগঠনটি জানায়, শহীদ ওসমান হাদি হত্যার প্রায় এক মাস হলেও এখন পর্যন্ত প্রশাসন হত্যার সঙ্গে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। ব্যর্থতা আড়াল ও ঘটনার মোড় অন্যদিকে সরিয়ে নিতে বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে। ইনকিলাব মঞ্চ মনে করে, পঞ্চগড়ে সেনাবাহিনীর এ হামলা ওই ঘটনারই ধারাবাহিকতা।
ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভকারীদের সেনাবাহিনীর লাঠিচার্জ হালকাভাবে নিচ্ছি না। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জুমা বলেন, গতকাল পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জকেও আমরা খুব হালকাভাবে নিচ্ছি না। সেনাবাহিনীর গণবিরোধী অবস্থানের হেতু এবং কার নির্দেশ স্পষ্ট করতে হবে।
