জুরাইনে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

রাজধানীর জুরাইন এলাকায় গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম ওরফে বাবুল (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে জুরাইন বালুর মাঠ মুন্সিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসিরহাট গ্রামের আনিসুল হকের ছেলে। জীবিকার তাগিদে পরিবার নিয়ে তিনি জুরাইনের মিষ্টির দোকান এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী মিনারা বেগম জানান, বাবুল পুরান ঢাকার নবাবপুর মার্কেটে দিনমজুর হিসেবে কাজ করতেন। সোমবারও তিনি সেখানে কাজে গিয়েছিলেন। রাতের কাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে জুরাইন বালুর মাঠ এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, কী ধরনের যানবাহনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শ্যামপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত