মেসিকে নিয়ে নেইমারের চমকপ্রদ ঘোষণা, ব্রাজিলে তুমুল আলোড়ন
ব্রাজিলে চলমান কিংস লিগ ওয়ার্ল্ড নেশনস টুর্নামেন্ট ঘিরে আগ্রহের পারদ এমনিতেই তুঙ্গে। তবে সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছেন নেইমার। সান্তোসের এই তারকা ফরোয়ার্ড সম্প্রতি লাইভ সম্প্রচারে লিওনেল মেসিকে নিয়ে দেওয়া এক মন্তব্যে ব্রাজিলজুড়ে রীতিমতো সাড়া ফেলেছেন।
লাইভ অনুষ্ঠানে নেইমার জানান, টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনাল পর্বে উপস্থিত থাকতে পারেন লিওনেল মেসি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে দুজনের মধ্যে ইতোমধ্যেই কথাবার্তা হয়েছে। এই ঘোষণার পরই ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জল্পনা—আসলেই কি কিংস লিগে দেখা যাবে আর্জেন্টিনার অধিনায়ককে?
নেইমারের বক্তব্য অনুযায়ী, মেসির উপস্থিতি অনেকটাই নির্ভর করবে আর্জেন্টিনা দলের পারফরম্যান্সের ওপর। গ্রুপ পর্বে সেরা তৃতীয় দল হিসেবে ‘লাস্ট চান্স’ ধাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে হলে আগে ফ্রান্সকে হারাতে হবে। আগামী ১৭ জানুয়ারি সাও পাওলোর আলিয়াঞ্জ পার্কে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে, কাতার ও পেরুকে হারিয়ে ইতোমধ্যে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক ব্রাজিল।
কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে এক লাইভ শোতে নেইমার জানান, মেসির কাছ থেকেই প্রথম বার্তাটি আসে। নেইমারের ভাষায়, “সে আমাকে লিখেছে—সে আসতে পারবে কি না। আমি বলেছি, কেবিনে জায়গা আছে কি না দেখে জানাব।” এই মন্তব্যে অনুষ্ঠানের অন্য অংশগ্রহণকারীরাও বিস্ময় প্রকাশ করেন এবং মজা করে ‘খাটো মানুষটি’ বলেও ইঙ্গিত দেন মেসির দিকেই।
বার্সেলোনা ও পরে পিএসজিতে একসঙ্গে খেলার সুবাদে নেইমার ও মেসির বন্ধুত্ব সুবিদিত। সেই বন্ধুত্বের রেশই যেন এবার কিংস লিগেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করেছে। টুর্নামেন্ট ভেন্যু ট্রাইডেন্ট অ্যারেনায় উৎসবমুখর পরিবেশে নেইমারের পাশাপাশি উপস্থিত ছিলেন কাকা ও ভিক্তর রোকে। পালমেইরাস ফরোয়ার্ড রোকে জানান, তিনি কিংস লিগের বড় ভক্ত এবং নেইমারের সঙ্গে এই আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত।
মেসির সম্ভাব্য আগমনকে আরও আকর্ষণীয় করে তুলেছে সার্জিও ‘কুন’ আগুয়েরোর উপস্থিতি। কিংস লিগে কুনিস্পোর্টস দলের সভাপতি হিসেবে নিয়মিত দেখা গেলেও, আর্জেন্টিনা দলে অন্তর্ভুক্ত থাকলেও এখনো তাঁকে ব্রাজিলে দেখা যায়নি।
বিদায়ী কোচ আলোনসোর জন্য এমবাপ্পের আবেগঘন বার্তা