নির্বাচনী নিরাপত্তায় ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর মহড়া

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী মহড়ায় নেমেছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌরশহর ও মাইজবাগ ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জ্যান্ত মহড়া ও অভিযানের মূল লক্ষ্য তিনটি— অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন পর্যবেক্ষণ। ইতোমধ্যে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ডি.এস. কামিল মাদরাসায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও স্পর্শকাতর স্থানে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।

মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, সেনা ক্যাপ্টেন আবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা রনি আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহাম্মেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাম প্রসাদ পালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ‘ময়মনসিংহ-৮ আসনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে। পৌর শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, ভোটারদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং গুজব বা বিভ্রান্তিকর খবর ছড়ানো ব্যক্তি বা গোষ্ঠী কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনারের নির্দেশনা মোতাবেক সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত