বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় চিন্তিত নন তানজিদ তামিম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেটি নিজের মানসিক প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর মতে, এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়মিত যোগাযোগ রাখছে এবং সেই প্রক্রিয়ার ওপরই আস্থা রাখছেন তিনি।

সম্প্রতি রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মন্তব্য করেছিলেন, ভেন্যু নিয়ে অনিশ্চয়তা সাধারণত খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। তবে এ প্রসঙ্গে তানজিদের অবস্থান ভিন্ন। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে বুধবার রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তাঁকে মোটেও ভাবাচ্ছে না,'আপনারা জানেন, এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।”

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের বদলে শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের পর বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

চূড়ান্ত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। অথচ বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় বাকি থাকলেও প্রথম ম্যাচটি কোথায় হবে, তা এখনো নিশ্চিত নয়। তবুও এসব অনিশ্চয়তা তানজিদকে বিচলিত করছে না বলেই জানান তিনি।

বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও তিনি আত্মবিশ্বাসী। তানজিদের ভাষ্য, আয়ারল্যান্ড সিরিজের পর নেওয়া ব্যাটিং ক্যাম্প ব্যাটসম্যানদের জন্য বেশ সহায়ক হয়েছে। বিপিএলের পর খুব বেশি সময় হাতে না থাকায়, টুর্নামেন্ট চলাকালীনই প্রস্তুতির বেশির ভাগ কাজ সেরে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, “এখানে (বিপিএল) আমরা নানা ধরনের ম্যাচ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে খুব কাজে আসবে। যেসব ম্যাচে আমি রান করতে পারিনি, সেগুলোতে কোথায় ভুল করেছি, কোথায় ঘাটতি ছিল-সেগুলো বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। এখন থেকে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তাহলে সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত