অবিলম্বে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট নিরসন করে শিক্ষার্থীদের স্বাভাবিক একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এই আহ্বান জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সাত কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রেক্ষিতে ঢাকার গুরুত্বপূর্ণ সাতটি সরকারি কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সরকার কর্তৃক ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হলেও, অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত এ ঘোষণা বাস্তবায়নের জন্য কোনো দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। অযৌক্তিক সময়ক্ষেপণের মাধ্যমে লক্ষাধিক শিক্ষার্থীর একাডেমিক জীবনকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।
এতে আরও বলা হয়েছে, অধ্যাদেশ জারিতে এই অযৌক্তিক কালক্ষেপণের ফলে শিক্ষার্থীরা আজ গভীর অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে। ভর্তি কার্যক্রম, পরীক্ষা, ফলাফল, সনদ প্রদান এবং সর্বোপরি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের এই গড়িমসি শিক্ষার্থীদের মধ্যে সংশয়, হতাশা ও ক্ষোভ সৃষ্টি করছে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের প্রশাসনিক গড়িমসি মেনে নেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে সংগঠনটি বলে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৃঢ়ভাবে মনে করে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা কোনো অনুগ্রহ নয়, এটি সাত কলেজের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। অবিলম্বে সকল অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান গভীর সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসন করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের কালক্ষেপণ, টালবাহানা কিংবা প্রশাসনিক গড়িমসি আর মেনে নেওয়া হবে না।
