নাজমুল পদত্যাগ না করলে সব খেলা বয়কটের আলটিমেটাম ক্রিকেটারদের

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

 

বিতর্কিত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করলে সমস্ত ক্রিকেট কার্যক্রম স্থগিত রাখার আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সংগে এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেন, “নাজমুল ইসলাম সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন, তা গ্রহণযোগ্য নয়। একজন পরিচালক হিসেবে তার বক্তব্য পুরো ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে।”

‎গত কয়েকদিন ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারত সফর নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল বুধবার সাংবাদিকদের বলেন, “যদি খেলোয়াড়রা ভালো না খেলে, তাহলে আমরা কি আমাদের ব্যয়কৃত কোটি কোটি টাকা ফেরত চাইব নাকি?”


‎জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যায়িত করার পর থেকে নাজমুলের মন্তব্য নিয়ে কোয়াবসহ অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। মিঠুন আরও বলেন, “যদি তিনি পদত্যাগ না করেন, আগামীকাল বৃহস্পতিবার  থেকে আমরা সব ধরনের খেলা স্থগিত রাখব।”

‎বিসিবি এই পরিস্থিতিতে জানিয়েছে, বোর্ডের কোনো সদস্য বা পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয়। যারা কষ্ট পেয়েছেন, তাদের প্রতি বোর্ড দুঃখ প্রকাশ করেছে।

‎আগামীকাল বিপিএলের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ অনুষ্ঠিত হবে।


 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত