কাতারে প্রবাসীদের অভিবাসন প্রতারণা নিয়ে সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম

কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশে উচ্চ সতর্কতা জারি করেছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কাতারে সক্রিয় কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ভিসা ও বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। উন্নত দেশে 'স্বপ্নের জীবন' এর কথা বলে প্রথমে আগ্রহ তৈরি করা হয়, এরপর ভিসা প্রসেসিং বা অভিবাসন সেবার নামে বড় অঙ্কের টাকা আদায় করা হয়। শেষ পর্যন্ত এসব আশ্বাস ভুয়া প্রমাণিত হচ্ছে।

দূতাবাস জানায়, এ ধরনের প্রতারণার শিকার হয়ে একাধিক প্রবাসী ইতোমধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ না দিতে এবং বিদেশে যাওয়ার যেকোনো প্রস্তাব সরকারি মাধ্যমে নিশ্চিত করতে। কেউ প্রতারণার শিকার হলে বা এমন প্রস্তাব পেলে দ্রুত দূতাবাসে যোগাযোগ করারও অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত