ভবন থেকে পাইপ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। তার নাম তাইজুল ইসলাম (২০)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাইজুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বর থানার আকন্দপাড়া গ্রামে।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আলতাফ হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে মগবাজার মোড়ে এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। তাইজুল মিস্ত্রীর সহযোগী। দুপুরে ১৩ তলা ভবনটির নিচে এক পাশে বালুর কাজ করছিল। হঠাৎ ভবনটির ৬ তলা থেকে সাটারিংয়ের লোহার পাইপ তার মাথার উপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন। লোহার পাইপটি কীভাবে নিচে পড়ল বা কেউ সেটি উপর থেকে ছুঁড়ে ফেলেছে কি না, সেটি জানাতে পারেনি সহকর্মীরা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত