মোবাইল চুরিতে বাধা দেওয়ায় গৃহবধূকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্ত মেহেদী ইসলামকে (৩২) স্থানীয়রা আটক করে। তাদের গণপিটুনিতে তিনিও নিহত হন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত গৃহবধূ আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী। এছাড়া গণপিটুনিতে নিহত অভিযুক্ত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরাবো এলাকার মুদি মনোহরি ব্যবসায়ী বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ে টাইলস নির্মাণের কাজ দেওয়া হয় মেহেদীকে। সেই থেকে আমেনাদের বাড়িতে মেহেদীর আসা-যাওয়া।

শুক্রবার বিকালে আমেনার ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার পথে মেহেদীকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। এ সময় আমেনার কাছ পালানোর চেষ্টা করতে থাকে মেহেদী। এক পর্যায়ে মেহেদীর হাতে থাকা ধারাল ছুরি দিয়ে আমেনার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

আহত আমেনা মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে মেহেদীকে আটক করে। এসময় স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হয় মেহেদী।

এদিকে, আমেনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার কর্মকর্তা সবচেয়ে হোসেন বলেন, মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত