ঐক্যবদ্ধ সমাজ ও দেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের প্রধান চ্যালেঞ্জ। কাউকে বাদ দিয়ে কোনো ঐক্য সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নাটোর-১ আসনে জামায়াতে প্রার্থী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অবাধ, সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সত্য তুলে ধরেন বলেই জনগণ সঠিকটা জানতে পারেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ২৪-এর অভ্যুত্থানকে চূড়ান্তভাবে গ্রহণ করেছে দেশের মানুষ। এই অভ্যুত্থানের মূল কারণ ছিল বৈষম্যের বিরুদ্ধে জনগণের অবস্থান। যে বৈষম্যের কারণে আবু সাঈদ, মুগ্ধ, আবরার ফাহাদ ও হাদি প্রাণ হারিয়েছেন, সেই বৈষম্যকে অবশ্যই দূর করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ছাড়া এসব আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা সম্ভব নয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা এনসিপির আহ্বায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
