ফরেস্টের সংগে ড্রয়ের পর আরতেতাকে সতর্ক করলেন স্টিভেন জেরার্ড

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম

‎‎নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা। তবে এই বিতর্কিত হ্যান্ডবলের সিদ্ধান্তকে অজুহাত না বানানোর পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড।

‎শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ফরেস্টের মাঠে পয়েন্ট হারায় আর্সেনাল। এর আগে দিনের প্রথম ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে যায় ম্যানচেস্টার সিটি। ফলে জয়ের মাধ্যমে লিগ টেবিলের শীর্ষে নয় পয়েন্টের ব্যবধান তৈরির সুযোগ ছিল গানারদের সামনে। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারায় সিটি ও অ্যাস্টন ভিলার চেয়ে আর্সেনালের লিড দাঁড়ায় সাত পয়েন্টে।

‎ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় আসে ওলা আইনাকে ঘিরে হ্যান্ডবল পরিস্থিতি। বক্সের ভেতরে বল তাঁর হাতে লাগলেও পেনাল্টি না দেওয়ায় ক্ষুব্ধ হন আরতেতা। তিনি বলেন, “তারা বলছে বলটি কাঁধে লেগেছে, এরপর সে হাতে বলটি নিয়েছে। ব্যাখ্যাটা ঠিক নয়, তবে বাকি অংশ ঠিক আছে।”


‎এরপর তিনি বলেন, “ঘটনার ক্রম ঠিক আছে, কিন্তু খেলোয়াড়ের সময় নির্বাচন ও উদ্দেশ্য একেবারেই স্পষ্ট। না হলে আমি এখানে বসে এটাকে, আমার মতে, খুব পরিষ্কার পেনাল্টি বলে দাবি করতাম না।”

‎তবে এই বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন স্টিভেন জেরার্ড। তিনি মনে করেন, ওই সিদ্ধান্তকে সামনে এনে ম্যাচে পয়েন্ট হারানোর ব্যাখ্যা দেওয়া ঠিক নয়। জেরার্ড বলেন,“আমি মনে করি এখানে আলোচনা করার মতো একটা বিষয় আছে, তবে আরতেতা যতটা পরিষ্কার বলছেন, ততটা স্পষ্ট নয়। বিশেষ করে রেফারির দৃষ্টিকোণ থেকে রিয়েল টাইমে এটি খুবই পরিষ্কার সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি না।”

জেরার্ড বলেন, "আমি মনে করি, অকারণে খড়কুটো আঁকড়ে ধরছেন কি না, সে ব্যাপারে সতর্ক থাকা দরকার। কারণ আজ তারা সর্বোচ্চ পয়েন্ট না পাওয়ার আসল কারণ এটা নয়।”

জেরার্ডের মতে, ম্যাচে আসল পার্থক্য গড়ে দিয়েছে আর্সেনালের ফিনিশিংয়ের দুর্বলতা। তিনি বলেন,“এর মূল কারণ হলো, প্রথমার্ধে তারা সুযোগগুলো ভয়াবহভাবে নষ্ট করেছে এবং প্রতিপক্ষ গোলরক্ষক একটি বিশ্বমানের সেভ করেছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত