মঈন খান বললেন

খালেদা জিয়া গণতন্ত্রের চর্চাকারী রাষ্ট্রনায়ক ছিলেন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন একজন প্রকৃত রাষ্ট্রনায়ক। তার চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী অ্যাসোসিয়েশন ও বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় মঈন এ কথা বলেন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ড. মঈন খান বলেন, ১৯৯১ সালের নির্বাচনের প্রেক্ষাপট ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ৯০-এর গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতনের পর খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়ে সে সময় অনেকেই সমালোচনা করলেও পরে প্রমাণিত হয়, তার সিদ্ধান্তই ছিল সঠিক। এরই ধারাবাহিকতায় ১৯৯১ সালের নির্বাচনে জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘তিনবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। একটি দিনও তিনি আমাকে কোনো নির্দিষ্ট কাজের নির্দেশ দেননি। সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এটাই ছিল তার গণতন্ত্রচর্চার প্রকৃত উদাহরণ।’

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিত্বে এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।

এদিকে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বয় পরিষদ আয়োজিত ‘শিক্ষকদের কল্যাণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা সংস্কার, খালেদা জিয়ার অবদান, তারেক জিয়ার শিক্ষা জাতীয়করণ ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘যারা খালেদা জিয়াকে জেলে রেখে একদিনও কথা বলেননি, খালেদা জিয়ার চিকিৎসার পক্ষে কথা বলেননি, তারা আবার রঙ বদলানোর চেষ্টা করছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত