ট্রাম্পের শুল্ক হুমকি সরাসরি ব্ল্যাকমেইল : ডাচ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের হুমকিকে 'ব্ল্যাকমেইল' বলে কঠোর ভাষায় সমালোচনা করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ অপ্রয়োজনীয় এবং এতে ন্যাটো, ইউরোপ ও গ্রিনল্যান্ড-কোনোটিরই উপকার হবে না।  

রবিবার (১৮ জানুয়ারি) ডাচ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল বলেন, গ্রিনল্যান্ড বিক্রির দাবির সঙ্গে বাণিজ্যিক চাপ জুড়ে দেওয়া অনুচিত। এতে মিত্রদের মধ্যে আস্থা ক্ষুণ্ন হয় এবং জোটের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, ফেব্রুয়ারি এক তারিখ থেকে ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যসহ কয়েকটি ইউরোপীয় দেশের পণ্যে অতিরিক্ত দশ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে। তাঁর দাবি, এসব দেশ গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করছে।

ডেভিড ভ্যান উইল বলেন, গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর উপস্থিতির উদ্দেশ্য ছিল দ্বীপটির প্রতিরক্ষায় সহায়তার বার্তা দেওয়া, বাণিজ্য আলোচনায় চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে তা ব্যবহার করা নয়। ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের কথা বললেও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড-দু'পক্ষই স্পষ্ট জানিয়ে দিয়েছে, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে করণীয় ঠিক করতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত