ফেনীর সোনাগাজীতে সৌদি প্রবাসী সাইদুর রহমানের বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ঘটনাটি রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শামসুল হুদা মিয়ার নতুন বাড়িতে ঘটে। এসময় ডাকাতরা প্রবাসীর বৃদ্ধ পিতাকে পিটিয়ে ও কুঁপিয়ে জখম করেছে।
স্থানীয় এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা যায়, পাশের বাড়িতে স্বজনের বিয়ের অনুষ্ঠান চলছিল,পরিবারের সদস্যরা বিয়ে বাড়িতে ছিলেন। ঘরে ছিলেন প্রবাসীর বৃদ্ধ পিতা শামসুল হুদা, স্ত্রী ও দুই সন্তান। রাত ৩টার দিকে চার জন ব্যক্তি ভেন্টিলেটর ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্নালংকার ও নগদ টাকা দাবী করেন। তারা দিতে অস্বীকার করলে ডাকাতরা বৃদ্ধ শামছুল হুদাকে বেদম মারধরের পর কুপিয়ে রক্তাক্ত করে। এসময় ডাকাতরা ঘরের আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। পরে তারা স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী বিবি আয়শা জানান, আমি আমার ৫ বছর বয়সি মেয়ে ও ৩ বছর বয়সি ছেলেকে সঙ্গে নিয়ে ঘুমাতে যাই। রাতে অজ্ঞাত চার জন ব্যক্তি ঘরে করে আমাদের জিম্মি কওে মালামাল লুট করে। এসময় তারা আমার শ্বশুরকে বেদম মারধর করে। আমার শ্বশুর কিডনি রোগী, সপ্তাহে দুই বার ডয়ালাইসিস করতে হয় বলার পরও তারা রেহাই দেয়নি।
শামসুল হুদা বলেন, ডাকাতরা ঘরে ডুকে পুত্রবধুকে রুমের ভিতরে জিম্মি করে। তারপর তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে মূল্যবান জিনিসপত্রের তথ্য জানতে চায়। আমি জানাতে অপারগতা জানালে তারা আমাকে মারধর করে মালামাল নিয়ে বাহিরে থেকে দরজা আটকে চলে যায়। পরে শৌর চিৎকার শুনে প্রতিবেশী শ্যামল চন্দ্র শর্মা দরজা খুলে আমাদের উদ্ধার করেন।
সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত ও অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে।
