আসিফ মাহমুদ

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা তুলে নির্বাচন করবে এনসিপি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা তুলে জাতীয় সংসদ নির্বাচন করবে ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।

তিনি বলেন, জনগণের ছোট ছোট অনুদানেই তারা নির্বাচন পরিচালনা করতে চান, যাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ থাকেন।

প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে তহবিল ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দাতারা চাইলে সরাসরি দলকে অনুদান দিতে পারবেন অথবা নির্দিষ্ট কোনও প্রার্থীকে সহযোগিতা করতে পারবেন। এ তহবিলে কত অর্থ সংগ্রহ হলো এবং কোথায় ব্যয় করা হলো—সব তথ্য প্রতি বছর অডিটের মাধ্যমে যাচাই করে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আসিফ মাহমুদ বলেন, এনসিপির অধিকাংশ প্রার্থী জুলাই অভ্যুত্থানের পর চাকরিতে যোগ দেওয়া তরুণ পেশাজীবী, যারা চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন, কিংবা সদ্য পড়াশোনা শেষ করা সাবেক শিক্ষার্থী। প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করলে দেখা যাবে, হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই কোটিপতি বা অতিমাত্রায় সচ্ছল নন। তাই জনগণের সমর্থনই তাদের প্রধান শক্তি।

তিনি আরও বলেন, ব্যবসায়ী বা ঋণখেলাপিদের অর্থে নির্বাচিত হলে সংসদে গিয়ে সেই অর্থদাতাদের স্বার্থ রক্ষার প্রবণতা তৈরি হয়। এনসিপি সে ধরনের রাজনীতির অংশ হতে চায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত