আগের মতো কোনও পাতানো নির্বাচন হতে দেব না: নাহিদ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপি কেউ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় তারা বলেন, আগের মতো আর কোনও পাতানো নির্বাচন হতে দেবেন না। 

আজ সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে গত ১৫ বছরের মধ্যে এবার নির্বাচন সেরা হবে বলে উল্লেখ করা হলেও আমরা তার কোনও লক্ষণ দেখতে পারছি না। নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের যে নিরপেক্ষে আচরণ করা দরকার আমরা বাস্তবে তা দেখতে পারছি না। এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে নির্বাচনে তা প্রভাব ফেলবে। এই নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আমরা আশা করব সরকারের পক্ষ থেকে যেন এর প্রতিকার করা হয়।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও আইসিটি বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব উপস্থিত ছিলেন।

বৈঠকে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তারা বলেন, গণভোটে “হ্যাঁ” এর পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা করছেন। 

এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচনে যেন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত