ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচাঁন এলাকায় কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার অভিযোগে মো. শফি নামে এক যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবেন না— মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, কৃষিজমির উর্বরতা নষ্টকারী টপসয়েল কাটা রোধে ফটিকছড়ি উপজেলায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত দুই সপ্তাহে সুন্দরপুর, পাইন্দং, লেলাং, হারুয়ালছড়ি ও নাজিরহাট এলাকায় পরিচালিত পাঁচটি মোবাইল কোর্টে মোট ৭ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে বেশ কয়েকটি স্কেভেটর, ড্রাম ট্রাক ও মাটি কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরও জানান, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
