মির্জা ফখরুল

নির্বাচন ঘিরে একটি দল উসকানিমূলক বক্তব্য দিচ্ছে

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল নির্বাচন ঘিরে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, বিএনপি সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। কিন্তু অপপ্রচার চালাচ্ছে একটি দল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সংস্কারের কথা বলে প্রচারণায় নেমেছেন প্রধান উপদেষ্টা। বিএনপি সংস্কার ও হ্যাঁ ভোটের পক্ষে। কিন্তু অপপ্রচার চালাচ্ছে একটি দল।

তিনি বলেন, এখন অনেকে বড় বড় গলায় বলে নির্বাচন হতে দেব না। নির্বাচনে দেখা যাবে কে কতটা ভোট পায়। সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই। আমরা যাব জনগণের কাছে। জনগণ যদি আমাদের গ্রহণ করে আমরা আছি। জনগণ যদি বাদ দেয় বাদ দিল! আমরা বিরোধী দলে থাকব! তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই?

তিনি আরও বলেন, আজ আমাদের এই পরীক্ষা এত কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে। গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে। মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের চেয়ারম্যান যে আট দফা দিয়েছে এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। আমাদের মাতা খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত