কক্সবাজারের পেকুয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে অপহরণ মামলার আসামী ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়েছে। উপজেলার মগনামা ইউনিয়নের রাঙ্গী খালের পূর্ব কূল এলাকায় ১৯ জানুয়ারী দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পেকুয়া থানার এস আই সুনয়ন বড়ুয়া বলেন, তার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে পেকুয়া থানার একটি অপহরণ মামলার আসামী ওয়াহিদুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার পরিবারের সদস্য সহ ৩০/৩৫ জন নারী পুরুষ হামলা করে আসামী ওয়াহীদকে ছিনিয়ে নেয়। এসময় ৫/৬ জন পুলিশ সদস্য স্থানীয় লোকজনের হামলায় আহত হন। পরে সেনাবাহিনীর সহযোগীতায় পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলমসহ যৌথ অভিযানে ওয়াহিদুল ইসলামকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য গত ১৮ জানুয়ারী মগনামা ৭ নং ওয়ার্ডের রঙ্গিন খালের পুর্ব কূল এলাকার কাইছারের স্ত্রী খোকন আরা বেগম বাদী হয়ে তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে অপহরণের অভিযোগে একই এলাকার আলমগীরের ছেলে তামিম ও ইদ্রিস মিয়ার ছেলে ও ওয়াহিদুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ০৮/২৬। পেকুয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামী ছিনতাই কারীদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
