মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) আসনে বিএনপির সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোজ্জাম্মেল হক তোজাকে।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দেওয়ায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কার সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, তোজ্জাম্মেল হক তোজা দলের গঠনতন্ত্র পরিপন্থী ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বিএনপির গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আওতায় তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী সময়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর করতে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবেই বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তোজ্জাম্মেল হক তোজার বহিষ্কার সেই প্রক্রিয়ারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
