পে স্কেলের প্রতিবেদন দেখে খুশি হয়ে যাবেন চাকরিজীবীরা: উপদেষ্টা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হবে। আজ মঙ্গলবার এ কথা জানান তিনি।

তিনি বলেন, “সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে।”

বুধবার প্রতিবেদন জমা দেওয়ার সময় অর্থ উপদেষ্টা পে কমিশনের প্রধান জাকির আহমেদ খানসহ সব সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন জমা দেবেন বলে জানান তিনি।

এদিকে নবম জাতীয় পে-স্কেল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে পে কমিশন। আগামীকাল বুধবার বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বেলা ১২টায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় পে-স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল ৫টায় দেখা করার সময় নির্ধারণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত