এনবিআর পুনর্গঠন রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের অনুমোদন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব এবং জনকাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় এই দুই বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করেছে সরকার। গতকাল মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হবে।

রাষ্ট্রীয় ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামক দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদনের বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। একই সঙ্গে এই দুই বিভাগে কোন ধরনের কর্মকর্তা নিযুক্ত হবেন এবং জনবল পদায়নের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এসব বিষয়ে অনুমোদনের পর বিভাগ দুটিতে কর্মকর্তাদের পদায়ন শুরু হবে। ২০২৫ সালের মে মাসে সরকার এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠন করেছে। এর উদ্দেশ্য কর প্রশাসন আধুনিক করা, রাজস্ব আদায় বৃদ্ধি করা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। নীতি প্রণয়নের কাজ করবে রাজস্ব নীতি বিভাগ আর তা প্রয়োগ ও রাজস্ব আদায় নিশ্চিত করবে।

রাজস্ব নীতি বিভাগের প্রধান দায়িত্ব হলো কর আইনপ্রণয়ন, কর হার নির্ধারণ করা। এ ছাড়া আন্তর্জাতিক কর চুক্তি তত্ত্বাবধান, কর ফাঁকি রোধে নীতিমালা তৈরি, কর ফাঁকি ও কর ফাঁকির প্রবণতা মূল্যায়নও এ বিভাগের দায়িত্ব। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব আয়কর, ভ্যাট ও শুল্ক আদায় এবং প্রয়োগ, কর আদায়-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিরীক্ষা করা। এনবিআরের বর্তমান জনবল এই বিভাগে স্থানান্তরিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত