বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন এমনভাবে দায়িত্ব পালন করা উচিত, যেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু নির্বাচন কমিশনের নানা কারণে, নানা বিষয়ে ও নানা আচরণে ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।
গতকাল দুপুরে জাজিরা উপজেলা অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাজিরা উপজেলা বিএনপির আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষ ১৬/১৭ বছর ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি। এখন মানুষ চায় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে। এটাই হওয়া উচিত, এটাই মানুষ চায়। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন, শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, মাদারীপুর-২ আসনের বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহানসহ শরীয়তপুর জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
