আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার (২১ জানুয়ারি) সারাদেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। প্রতীক পাওয়ার পর থেকে কালই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন।
সকাল থেকে রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ দেশের সব নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিচ্ছেন। ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী জানান, তারা সকাল ১০টার পর থেকে প্রতীক বিতরণ শুরু করেছেন।
নির্বাচনি বিধি অনুযায়ী, প্রতীক নিতে আসা প্রার্থীরা সর্বোচ্চ তিনজন প্রতিনিধি, যেমন নির্বাচনি এজেন্ট, প্রস্তাবকারী বা সমর্থককে সঙ্গে আনতে পারছেন।
দলীয় প্রার্থীরা নিজ দলের সংরক্ষিত প্রতীক পাচ্ছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত ৫৬টি প্রতীকের মধ্যে থেকে পছন্দসই প্রতীক বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। একই প্রতীকের জন্য একাধিক স্বতন্ত্র প্রার্থী দাবি করলে, সমঝোতা না হলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগে সংসদ সদস্য ছিলেন এমন স্বতন্ত্র প্রার্থী পছন্দের প্রতীকে অগ্রাধিকার পাবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য পর্যাপ্ত প্রতীকের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতীকের নমুনা কপি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আমেজ মাঠ পর্যায়ে পূর্ণতা পেতে শুরু করেছে।
