মদ্যপানের ভঙ্গিতে সমালোচকদের সঙ্গে মজা করেন বেলিংহ্যাম!

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

রিয়াল মাদ্রিদের হয়ে মোনাকোর বিপক্ষে ৬–১ গোলের জয়ের ম্যাচে জুড বেলিংহ্যামকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গোল করার পর মদ্যপানের ভঙ্গিতে উদযাপন করে তিনি আলোচনায় এসেছেন। এবার সেই উদযাপন নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার। তিনি বলেছেন, ওই উদযাপন দ্বারা তিনি সমালোচকদের সঙ্গে মজা করেছেন।

মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালের ষষ্ঠ গোলটি করেন বেলিংহ্যাম। গোলের পর হাসতে হাসতে তিনি বারবার হাত দিয়ে মদ্যপানের ভঙ্গি করছিলেন। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে বেলিংহ্যাম বলেন, ‘অনেকে অনেক কথা বলে। আপনি চাইলে অভিযোগ করতে পারেন, আইনজীবীর কাছে যেতে পারেন, অথবা সবকিছুকে হালকাভাবে নিয়ে উপভোগ করতে পারেন। আমি আসলে সমালোচক আর যা খুশি বলা লোকেদের সঙ্গে একটু মজা করেছি।’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রিয়ালের খারাপ সময়ের জন্য দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বেলিংহ্যামের নামও সমালোচনায় এসেছে। এমনকি কোচ জাভি আলোনসোর পদ্ধতি নিয়ে তিনি নাকি অসন্তুষ্ট ছিলেন। বেলিংহ্যাম আরও বলেন, ‘আমি সত্যটা জানি। আমার ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, আমি কীভাবে দল ও খেলায় অবদান রাখছি, তা আমি জানি। বাইরের এসব কথাবার্তা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই একটু মজা করতে ক্ষতি কী?’

গত শনিবার লা লিগায় লেভান্তের বিপক্ষে ২–০ জয়ের ম্যাচে বার্নাব্যুরর দর্শকদের একাংশ বেলিংহ্যামকে দুয়োধ্বনি দিয়েছিল। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘সমর্থকেরা তাদের টাকা খরচ করে, সারা সপ্তাহ কাজ করে এখানে আসে। তাদের মত প্রকাশের অধিকার আছে। যদিও সেটা দল বা খেলোয়াড়দের জন্য সবসময় সহায়ক হয় না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত