ঢাকা-১৮ আসনে স্বতন্ত্রপ্রার্থী রনি, লড়বেন রেল ইঞ্জিন প্রতীকে

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৪২ পিএম

ঢাকা-১৮ উত্তরা (ডিএনসিসি ওয়ার্ড ১, ৪৪-৫৪), ক্যান্টনমেন্ট (ডিএনসিসি ওয়ার্ড ১৭), গুলশান (ডিএনসিসি ওয়ার্ড ৪৩) উপজেলা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশ রেলওয়ের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আলোচনায় আসা মো. মহিউদ্দিন হাওলাদার (রনি)।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে রনি জানান, ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন তাকে রেল ইঞ্জিন প্রতীক দিয়েছেন।

এর আগে গত ১৯ জানুয়ারি তিনি তার ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার চূড়ান্ত ঘোষণা দেন।

এই আসনে রনির প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। এর আগে আদীবকে সমর্থন দিয়ে আসনটি ছেড়ে দেন জামায়াত মনোনীত প্রার্থী আশরাফুল হক।

এই আসনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত