জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের ভোটে আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা ছাত্র প্রতিনিধিরাও রয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় ডা. তাহের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, ‘আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না, সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামী নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। নারীদের আমরা কখনোই পিছিয়ে দেখিনি, তারা পুরুষের মতোই সম্মান পাওয়ার যোগ্য।’
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি ও নতুন বাংলাদেশ গড়েছি। ২০০১-০৬ সালে ক্ষমতায় থাকাকালীন আমি কোন ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে ১৮ মাস জেলহাজতে রাখে। পরে তদন্ত শেষে তারা আমাকে দুর্নীতিমুক্ত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।’
সভায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি মু. বেলাল হোসাইন পরিচালনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি মু. সাহাব উদ্দিন ও পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম। এছাড়া সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌর কাউন্সিলরসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
