আজ বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর দিন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা-না খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল বুধবার আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি গৃহীত হয়নি। বরং ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি সিদ্ধান্ত না জানালে আসন্ন বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

এই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই বৈঠকে ক্রিকেটারদের কাছে পুরো পরিস্থিতি ব্যখ্যা করা হবে। ধারণা করা হচ্ছে, বৈঠকের পরই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত জানা যাবে।

গত ৩ জানুয়ারি উগ্রবাদী গোষ্ঠীর চাপে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স। এরপরই বাংলাদেশ নিরাপত্তার ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। সেইসঙ্গে ম্যাচের ভেন্যুগুলো শ্রীলঙ্কা বা অন্য কোথাও সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। পরবর্তীতে একের পর এক মেইল চালাচালি এবং বৈঠকের পরও সিদ্ধান্তে আসা যায়নি।

শেষ পর্যন্ত গতকাল আইসিসি বোর্ডসভা ডাকে। সেখানে বাংলাদেশের দাবি নিয়ে ভোটাভুটি হয়। একমাত্র পাকিস্তান ছাড়া কোন দেশ বাংলাদেশকে ভোট দেয়নি। আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব ধরনের নিরাপত্তা মূল্যায়ন বিবেচনা করে ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের ক্রিকেটার, সংবাদকর্মী, কর্মকর্তা ও সমর্থকদের কোনো ঝুঁকি বা হুমকি নেই।

পাশাপাশি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আইসিসি জানায় টুর্নামেন্টের আগমুহূর্তে বাংলাদেশের দাবি মেনে ভেন্যু পরিবর্তন করলে ভবিষ্যতের জন্য সেটা খুব ভালো দৃষ্টান্ত হবে না। এটা আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলোর মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে এবং বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত