বাংলাদেশ কি ভারতের ‘রেড সিগনাল’ তালিকায়!

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।

ভারতের একাধিক সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (২০ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার।

ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। কূটনৈতিক ভাষায় এটি অত্যন্ত কঠোর একটি সিদ্ধান্ত। খুবই নজিরবিহীন। সাধারণত যেখানে গুরুতর নিরাপত্তা ঝুঁকি বা অস্থিরতার আশঙ্কা থাকে, সেখানেই এই শ্রেণি প্রয়োগ করা হয়।

যে দেশগুলো ভারতের দৃষ্টিতে সরাসরি বা পরোক্ষভাবে শত্রু বা চরম ঝুঁকিপূর্ণ রাষ্ট্র। আজ সেই একই কাতারে বাংলাদেশ। পৃথিবীতে মাত্র তিনটি দেশকে (পাকিস্তান, আফগানিস্তান, সুদান) ইতিপূর্বে এই ক্যাটাগরিতে ‘রেড সিগনাল’ দিয়েছে ভারত। দুঃখজনক হচ্ছে, নিকটতম প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারত এখন বাংলাদেশকে একই তালিকাভুক্ত করে কলঙ্কিত করেছে।

বিসিসি হিন্দিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত পহেলা জানুয়ারি থেকেই কার্যকর হয়। নির্দেশ ছিল-ভারতীয় মিশনের কর্মকর্তাদের স্ত্রী ও সন্তানদের ৮ জানুয়ারির মধ্যে দেশে ফিরতে হবে। যাদের সন্তান স্কুলে পড়ে, তাদের জন্য অতিরিক্ত ৭ দিন অর্থাৎ ১৫ জানুয়ারির মধ্যেই ঢাকাসহ বাংলাদেশের পাঁচটি ভারতীয় মিশনের কর্মকর্তাদের পরিবার দেশ ত্যাগ করেছে।

ভারত সরকারের একাধিক সূত্র পিটিআইকে জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে বলা হয়েছে।

ভারতীয় কূটনীতিকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো ‘পূর্ণ সক্ষমতার’ সঙ্গে কাজ চালিয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত