বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা -১২ আসনে বিএনপির সাবেক নেতা ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব।
আজ বৃহস্পতিবার সকালে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে তিনি জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন।
প্রচরণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, আমি বৃহত্তর তেজগাঁওয়ের সন্তান। আমি জনগণের চাপে প্রার্থী হয়েছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আমি একটি চাঁদাবাজ দখলবাজ ও সন্ত্রাস মুক্ত একটি সামাজিক বন্ধনের ঢাকা ১২ গড়তে চাই।
তিনি বলেন, এই আসনে ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দিতে চাই। ঢাকা-১২ মর্ডান এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব। আল্লাহ আমাকে সফল করলে মাদকের কোনও চিহ্ন থাকতে দেব না। চাঁদাবাজদের অস্তিত্ব থাকতে দেব না। কিশোর গ্যাং থাকবে না। ফুটপাথে নয় হকারদের অন্য স্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করবো। ফুটপাথ মুক্ত করবো, রাস্তাঘাট পরিস্কার করবো। তেজগা ট্রাকস্ট্যান্ড খালি যায়গায় ট্রাক রাখার ব্যবস্থা করবো। ড্রেন সমস্যা দূর করতে চেষ্টা করব।
তিনি বলেন, আমি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক, আমি স্বতন্ত্র প্রার্থী। এখানে কোনও ধানের শীষ প্রতীক নাই, ধানের শীষ মানেই ফুটবল। এই আসনে বিএনপি মানেই ফুটবল। ঢাকা-১২ তে শহীদ জিয়ার মার্কা ফুটবল বলে দাবি করেন তিনি।
