মাগুরার সদরের একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গত মঙ্গলবার দিনে ক্যামেরা স্থাপনের পর রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এমন ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা ও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে মাগুরা জেলার ৩০১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়। তবে স্থাপনের তিন ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা ভেঙে ফেলে দুর্বৃত্তরা।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে ক্যামেরাটি ভাঙচুর করেন। তবে আলোর স্বল্পতার কারণে তার মুখ শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যামেরা ভাঙার ১০-১৫ মিনিট পর কয়েকজন যুবককে ওই এলাকায় অবস্থান করতে দেখা যায়। সংশ্লিষ্টদের ধারণা, তাদের মধ্য থেকে কেউ এই ক্যামেরা ভাঙার সঙ্গে জড়িত থাকতে পারে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের কার্যক্রম আরও সঠিক ও স্বচ্ছভাবে তদারকি করার লক্ষ্যে ২০ জানুয়ারি বিদ্যালয়ের রাস্তা এবং খেলার মাঠ ক্যামেরার আওতায় আনতে দুটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। রাতেই এটি ভেঙে ফেলায় নিরাপত্তা ও নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। রাতে ঘটনাস্থলে অবস্থানরত স্থানীয় ছয়জনকে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে জিডি বা মামলা করা হবে।’
মাগুরা সদর থানার ওসি বলেন, বিষয়টি অবগত হয়েছি। ধারণকৃত ভিডিও ফুটেজ যাচাই করে দেখছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ মামলা
করবে বলে জানিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
